নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক-বার্ষিক নির্বাচনে চার ভোটের ব্যবধানে মো. মাহবুব উর রহমান মাহবুব সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে শহরের রাবেয়া বালিকা বিদ্যালয় নিকেতন কেন্দ্রে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ওই ফল ঘোষণা করা হয়।
মো. মাহবুব উর রহমান মাহবুব পেয়েছেন ২৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহেল পারভেজ পেয়েছেন ২৭৬ ভোট। পদটিতে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সভাপতি পদে নির্বাচিত মো. মাহবুব উর রহমান মাহবুব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং দোকান মালিক সমিতির সভাপতি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহেল পারভেজ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নীলফামারী চেম্বার এবং কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি।
সিনিয়র সহসভাপতি পদে ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজ কুমার পোদ্দার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সালেহ সোহেল রানা পেয়েছেন ২১৪ ভোট।
সহসভাপতি পদে ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আকতার হোসেন স্বপন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরহানুল হক ১৩১ ভোট পেয়েছেন। নির্বাচনে সাধারণ গ্রুপে ১২ জন সদস্যের মধ্যে নির্বাচিত হয়েছেন মো. গোলাম মোস্তফা রঞ্জু, মো. মুক্তার হোসেন, সুশান্ত কুমার, মো. হাসানুজ্জামান, মো. তারিকুল আলম, তাপস কুমার সাহা, মো. মনিরুজ্জামান চৌধুরী, মো. রেজওয়ান আহমেদ, মো. সাকিল আহমেদ, মো. আকিবুর রহমান, মো. মশগুল ইসলাম, মো. মাহবুবর রহমান মনি। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৮ জন প্রার্থী।
সহযোগী সদস্য গ্রুপে নির্বাচিত হয়েছেন মো. আবুল কালাম মিঠু, মোহাম্মদ মমতাজ, মোবাশ্বের আলম প্রিন্স, মো. মতিয়ার রহমান, মো. আজিজুল ইসলাম। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আটজন প্রার্থী।
নির্বাচনে ৬৮৪ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৫৯০ জন। প্রদত্ত ভোটের মধ্যে ১০ ভোট বাতিল হয়েছে।
নির্বাচনী বোর্ডের প্রধান আবু মোহাম্মদ সোয়েম এসব তথ্য নিশ্চিত করে বলেন, কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই প্রভাবমুক্ত থেকে নিঃস্বার্থভাবে এবং স্বচ্ছতার সঙ্গে এ নির্বাচন সম্পন্ন করা হয়েছে।