হোম > সারা দেশ > নীলফামারী

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, ৭২ ঘণ্টার মধ্যে পুনর্মূল্যায়নের দাবি

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর জলঢাকায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টার দিকে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন হাবিবুর রহমান, মুশফিকুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণ করা হয়েছে। যোগ্য ও মেধাবী প্রার্থীদের বঞ্চিত করে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তাঁরা।

এ সময় বক্তারা আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাঁরা অবিলম্বে অভিযোগ তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের দাবি জানান।

বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিয়োগপ্রক্রিয়া পুনর্মূল্যায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।