হোম > সারা দেশ > নীলফামারী

ঢাকায় হত্যার পর লাশ নীলফামারীতে এনে মাটিচাপার অভিযোগ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী থেকে লাশ উদ্ধার। ছবি: সংগৃহীত

ঢাকায় রাকিব হোসেন (১৭) নামে এক তরুণকে হত্যার পর তার মরদেহ নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামে এনে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে মামুন রহমান (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। নিহত রাকিব ইসলাম টাঙ্গাইলের গোপালপুর এলাকার খাদেমুল ইসলামের ছেলে। আর মামুন হোসেন নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বসুনিয়াপাড়া এলাকার আফসার আলীর ছেলে। ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকার কাফরুল থানাধীন শ্যাওড়াপাড়ায় অনার্স ভর্তি কোচিং করতে গিয়ে অভিযুক্ত মামুনের সঙ্গে পরিচিত হয় রাকিবের।

প্রাথমিকভাবে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর ঢাকায় মেয়েঘটিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যার দুই দিন পরেই কার্টনে প্যাকেট করে বাসের লকারে তুলে লাশ নিজ বাড়িতে এনে পুঁতে রাখেন মামুন। এরপর এআই দিয়ে মামুনকে জীবিত দেখিয়ে ভিডিও তৈরি করে ৪ লাখ টাকা নিহতের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে মামুন।

এ ঘটনায় নিহতের বড় ভাই জহুরুল ইসলাম জীবন গতকাল সোমবার বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন।

একপর্যায়ে ঢাকার শুক্রাবাদ এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।

মামুনের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার একটি তদন্তকারী দল ডিমলার বালাপাড়া গ্রামে এসে মাটিচাপা দেওয়া স্থান থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ঢাকার কাফরুল থানা-পুলিশ ঘটনাস্থলে এসে আসামির দেখানো স্থান থেকে লাশ উদ্ধার করে। তিনি জানান, মামুন অনলাইনে প্রতারণার কাজে জড়িত। এদিকে উদ্ধার করা লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।