হোম > সারা দেশ > নীলফামারী

বিরোধী দল সারের কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ইমেজ নষ্ট করছে: প্রতিমন্ত্রী ফরহাদ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী ডোমারের চিলাহাটিতে বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: আজকের পত্রিকা

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি) দাবি করে বলেছেন, বিরোধী দল কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সরকারের ইমেজ নষ্ট করতে চায়। যত সারের ডিলার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেওয়া হয়েছে, সেই আমল থেকে বাপ-দাদারা মিলে তাঁরা এসব করছে।

আজ বুধবার বিকেল ৫টায় নীলফামারী ডোমারের চিলাহাটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ফরহাদ ।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা আগের ডিলার বাতিল না করে শূন্য পদে ডিলার নিয়োগের দ্বিতীয় পরিপত্র দিয়েছি। তৃতীয় পরিপত্রের সময় বাড়িয়ে দিয়ে প্রতি ইউনিয়নে ইউএনওর মাধ্যমে একজন করে ডিলার নিয়োগ করা হবে। যার মাধ্যমে জনগণ সহজেই সার পায়। কেউ যেন বেশি দামে সার বিক্রি করতে না পারে, সে জন্য আমরা আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি।’

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৭ সালে আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবই। যা আমাদের নির্বাচনী কমিটমেন্ট, যার মধ্য দিয়ে উত্তরাঞ্চলের আমাদের কয়েক লাখ মানুষ তাদের দীর্ঘদিন দুঃখ-দুর্দশা লাঘব করবে। আমাদের এই এলাকা মানুষ যেন স্বাচ্ছন্দ্যে কৃষি কাজ করতে পারেন, মাছ চাষ করতে পারেন, হাঁস চাষ করতে পারেন, সেইভাবে আমরা এই এলাকাগুলোকে মানুষকে স্বাবলম্বী করে তুলব।’