নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ চার পোশাকশ্রমিকের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন নীলফামারীর সৈয়দপুরের বাসিন্দা। তাঁরা সম্পর্কে ভাই-বোন। অপরজন রংপুরের বদরগঞ্জের বাসিন্দা।
নিহতরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার কুমারপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে শাহীন আলম (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বাঙালিপুর নিচপাড়া এলাকার মৃত তৌসির উদ্দিনের ছেলে হোসেন আলী (২৪) ও মেয়ে লীমা পারভীন (২৬)। শাহীন আলম ও লীমা পারভীন স্বামী-স্ত্রী। হোসেন আলী লীমার ছোট ভাই।
এ ঘটনায় শাহীন আলমের ছোট ভাই শাহেদ আলী (২৫) দগ্ধ হয়েছিলেন। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। তাঁরা সবাই স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং একই ফ্ল্যাটে বসবাস করতেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টার দিকে লীমা পারভীন এবং সকাল ১০টার দিকে তাঁর ছোট ভাই হোসেন আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ঘটনার দিন দিবাগত রাতে মারা যান শাহীন আলম।
গত শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর এলাকার সরদারবাড়ি মসজিদসংলগ্ন আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাসের লাইনে লিকেজ অথবা চুলার চাবি খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে যায়। ভোরে রান্নার জন্য লীমা দিয়াশলাই দিয়ে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে ফ্ল্যাটে থাকা চারজন দগ্ধ হন। আগুনে দরজা-জানালাসহ ঘরের আসবাবপত্রও পুড়ে যায়।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় লীমা পারভীন ও হোসেন আলীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁদের বড় ভাই স্বপন আলী ও মামা মোহাম্মদ আলী।