হোম > সারা দেশ > নেত্রকোণা

বিড়ি চাওয়ার জেরে হাতাহাতি, অ্যাসিড নিক্ষেপে দগ্ধ ৩

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিড়ি চাওয়া নিয়ে হাতাহাতির জেরে অ্যাসিড নিক্ষেপে তিনজন দগ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী এক তরুণের মা বাদী হয়ে অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) ভুক্তভোগী তরুণের মা বাদী হয়ে পূর্বধলা থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলাটি করেন।

মামলায় উপজেলার নিজামপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল হাকিমের দুই ছেলে মো. শামীম মিয়া (১৮) ও মো. সাগর মিয়াকে (২১) আসামি করা হয়েছে।

অ্যাসিডে দগ্ধ ব্যক্তিরা হলেন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ইয়ারন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাকিল (১৮), তুলাবাইদ গ্রামের মো. সিরাজ মিয়া (৪৫) এবং একই ইউনিয়নের গৌরাঙ্গ (৬০)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, শাকিলসহ কয়েকজন এলাকার বিভিন্ন গাছ থেকে জাম সংগ্রহের পর বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। ৫ জুলাই উপজেলার শাহবাজপুর বাজারে অবস্থানকালে শাকিলের কাছে বিড়ি চান শামীম। এ সময় শাকিল ক্ষুব্ধ হয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শামীমকে চড় মারেন। এই ঘটনা কেন্দ্র করে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাঁদের সরিয়ে দিলে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার কিছুক্ষণ পর শাকিল শাহবাজপুর বাজারে সাগর জুয়েলার্সের পাশের একটি কাপড়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত শামীম নিজেদের জুয়েলারি দোকানে ব্যবহৃত অ্যাসিড একটি গ্লাসে এনে শাকিলের ওপর নিক্ষেপ করেন। এতে শাকিলের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ সময় দোকানে উপস্থিত সিরাজ মিয়া ও গৌরাঙ্গও অ্যাসিডে দগ্ধ হন।

স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে শাকিলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, চিকিৎসাধীন শাকিলের মা থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করেছেন। মামলায় শামীম ও সাগরকে আসামি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

মুক্তিযুদ্ধের সময় গুলিবিদ্ধ: ৫৫ বছর পর শাপমুক্ত হলেন মন্নাস আলী

মোহনগঞ্জে প্রেমিকের সহযোগিতায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

নেত্রকোনায় অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার, গ্রেপ্তার ৮

হারিকেনের আলোয় পড়াশোনা করে পররাষ্ট্র ক্যাডারে প্রথম: তানভীরের এগিয়ে চলার গল্প

কেন্দুয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ইট বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয় নবজাতককে, ভেসে উঠলে লাশ উদ্ধার করে পুলিশ

আর্জেন্টিনার খেলার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে পিকআপে তোলার সময় হাজির পুলিশ

দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা

বড় ভাইকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, দুই ভাই গ্রেপ্তার