নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের বিরিশিরি-ডেউটুকুন সড়কের দাখিনাইল চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ইজিবাইকচালক পালিয়ে যান।
নিহত নারীর পরিচয় জানা যায়নি। তিনি পথচারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
ইজিবাইকের যাত্রী ও প্রত্যক্ষদর্শী দিলরুবা জানান, ইজিবাইকটিতে তাঁরা তিনজন যাত্রী ছিলেন। দাখিনাইল চৌরাস্তা পার হয়ে কিছুটা সামনে যাওয়ার পর এক নারী হঠাৎ দৌড়ে গাড়ির সামনে চলে আসেন। এ সময় ইজিবাইকটির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। ইজিবাইকটি ঘটনাস্থলের কাছে একটি বাড়ির সামনে পড়ে রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।