হোম > সারা দেশ > নেত্রকোণা

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

নেত্রকোনা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে সাদিয়া আক্তার (২২) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাঁকে আটক করে নেত্রকোনা মডেল থানা-পুলিশ।

আটক সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া আক্তার কুড়পাড় এলাকার কয়েকজনকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে নেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে সাদিয়াকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে তিন হাজার করে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে এনসিপির নেত্রকোনা জেলা শাখার সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান জানান, তিনি বিষয়টি সম্পর্কে এখনো পুরোপুরি অবগত নন। তবে কেউ এ ধরনের অপরাধ করে থাকলে এর দায় সংগঠন নেবে না, এটি ওই ব্যক্তির ব্যক্তিগত দায়।

পাঠান আরও বলেন, ‘সাদিয়া আক্তার যদি সত্যিই এ অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং নেওয়া হবে।’

এ বিষয়ে নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাদিয়া আক্তার পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করছে। পরবর্তীতে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।