হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আটক ৩

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলায় হেরোইনসহ তিন কারবারিকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

নেত্রকোনার সদর উপজেলায় হেরোইনসহ তিন কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকার জালাল মিয়ার ছেলে মো. রমজান মিয়া (৩৭), বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী এলাকার মো. আরশাদ আলীর ছেলে হিমেল মিয়া (২১) ও আটপাড়া উপজেলার গোয়াতলা এলাকার আবুল কাশেমের ছেলে রানা মিয়া (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁদের ১০৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।