হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে ভুয়া দন্তচিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ সোলায়মান কবির খোকন (৫৫) নামের ভুয়া দন্তচিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে। আজ বুধবার বিকেল ৪টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অভিযান চালায় প্রশাসন।

কারাদণ্ডপ্রাপ্ত খোকন পৌর শহরের দেওথান এলাকার বাসিন্দা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের এ দণ্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন গোলাম মাওলা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে সৈয়দ সোলায়মান কবির খোকন নামের একজন ভুয়া দন্তচিকিৎসকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার জরিমানা করা হয়। পার্শ্ববর্তী আরেক অবৈধ ডেন্টাল ক্লিনিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মোহনগঞ্জে ভুয়া দন্তচিকিৎসকের অস্ত্রোপচারের পর এক কিশোরের মৃত্যুর অভিযোগ ওঠে। এতে স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসে। আজ বিকেলে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে থাকা কয়েকটি ক্লিনিকে অভিযান চালান প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অভিযানের সময় সোলায়মান কবির খোকনকে দন্ত চিকিৎসা দিতে দেখা যায়। পরে যাচাই-বাছাই শেষে তাঁর সনদ ভুয়া প্রমাণিত হয়। অভিযান শুরু হলে এলাকায় থাকা বেশ কয়েকজন ভুয়া দন্তচিকিৎসক দ্রুত সরে যান।

অভিযানে সঙ্গে থাকা মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আওয়াল বলেন, দণ্ডপ্রাপ্ত খোকনকে থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাঁকে কারাগারে পাঠানো হবে।