হোম > সারা দেশ > নাটোর

নাটোরে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৪ জন গ্রেপ্তার

নাটোর (লালপুর) প্রতিনিধি

নাটোরের লালপুরে অনলাইন জুয়া, বেটিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিংয়ের অভিযোগে পৃথক দুটি অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অনলাইন জুয়া ও প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

লালপুর থানা সূত্রে জানা গেছে, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে রাত সোয়া ১টার দিকে উপজেলার চকবাদেকুলপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মো. ওবাইদুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। আটক মো. ওবাইদুল ইসলাম ওই একই এলাকার রনজিত আলীর ছেলে।

পুলিশের দাবি, ওবাইদুল ইসলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। এ সময় তাঁর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আইডি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়াও রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর মধ্যপাড়া এলাকায় একটি টিনশেড বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর মধ্যপাড়া গ্রামের ফরজ উদ্দিন মণ্ডলের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৩), মোস্তাক আলীর ছেলে মো. রাকিবুল ইসলাম (২৩) ও নবীনগর গ্রামের মারিফুল ইসলামের ছেলে মো. ইমন ইসলাম (২২)। তাঁদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলার পর আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়। তিনি আরও বলেন, অনলাইন জুয়া, বেটিং এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।