রাজশাহীর কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরের হাতে দুই বিদেশি পর্যটক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গতকাল শুক্রবার (৮ মে) নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে ঘটনাটি ঘটেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বিদেশি দুই পর্যটককে ঘিরে বিভিন্ন প্রশ্ন করছেন ও মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। এ সময় পর্যটকদের অস্বস্তিতে পড়তে দেখা যায়। ভিডিওতে উপস্থিত কয়েকজনের আচরণকে ‘বিব্রতকর’ ও ‘অশোভন’ বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
ঘটনার পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন প্লাটফর্মে নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে বলছেন, এ ধরনের আচরণ দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য নেতিবাচক বার্তা বহন করে। বিদেশি অতিথিদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করার পরিবর্তে কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার আশায় এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলেও মন্তব্য করেন অনেকে।
গ্রিন ভ্যালি পার্কের পরিচালক (প্রশাসন) এস এম শামসুজ্জোহা বলেন, ‘গত আট বছরে এখানে এমন কখনো হয়নি। হঠাৎ এ ধরনের ঘটনায় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে। এখন থেকে অভ্যন্তরীণ নিরাপত্তাকর্মীরা সক্রিয় থাকবে এবং গেটে মাইকে এলার্ট করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, এই ঘটনায় লালপুর থানার ওসিকে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।