হোম > সারা দেশ > নাটোর

পাহারাদারদের বেঁধে রেখে পাওয়ার গ্রিডের ২ কোটি টাকার মালামাল লুট

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

বড়াইগ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিড থেকে ২ কোটি টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিড থেকে ১ কোটি ৯৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (২৫ মার্চ) গভীর রাতে উপজেলার বনপাড়ায় নির্মাণাধীন গ্রিডে কর্মরত চারজন পাহারাদারকে বেঁধে রেখে ওই মালামাল লুট করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

গ্রিডের উপসহকারী প্রকৌশলী আনাস আলী জানান, গ্রিডে বর্তমানে সিভিল কনস্ট্রাকশন ও ইলেকট্রিক ফিটিংসের কাজ চলছে। তাঁদের পক্ষ থেকে চারজন পাহারাদার নিয়োগ করা হয়েছে। ইলেকট্রিক অংশের কাজ করছে চায়না ন্যাশনাল ওয়্যার অ্যান্ড কেবল ইমপোর্ট এক্সপোর্ট করপোরেশন (সিসি কোম্পানি)।

সিসির স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী সোলায়মান আলী বলেন, মালামালের তালিকা যাচাই করে দেখা গেছে, ৩৬৮ পিস ব্যাটারি ছিনতাই করে নিয়ে গিয়েছে, যার মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা। এ ছাড়া ২ হাজার মিটার তামার তারের মূল্য প্রায় ৫৩ লাখ টাকাসহ অন্য মালামাল মিলে ১ কোটি ৯২ লাখ ৬০ হাজার ২৮৯ টাকা। তিনি আরও জানান, এখানে দুটি ডিভিয়ার দ্বারা সিসি ক্যামেরা পরিচালিত হতো। তাঁরা দুটি ডিভিয়ারই নিয়ে গেছে। সেই সঙ্গে পাহারাদারদের কাছে থাকা মোবাইল ফোনও নিয়ে গেছে।

পাহারাদার আবুল কাশেম (৫৫) বলেন, ‘আমি, শফিকুল (৪৮), তার ছেলে সোহাগ (২৪) ও মছেদ আলী (৪২) পাহারাদার হিসেবে কাজ করি। সবার বাড়ি আশেপাশেই। বুধবার সন্ধ্যায় আমরা ডিউটিতে ছিলাম। সাড়ে ৭টার দিকে গেট খোলার জন্য নক করলে খুলে দেই। এ সময় হঠাৎ পেছন থেকে পাঁচ-ছয়জন শফিকুলের কলার ধরে ভিতরে নিয়ে এসে বলেন, এখানে ছাত্তার কে? আমরা ছাত্তার নামে কেউ নেই জানালে তারা ঘরে চেক করার নামে চারজনকেই নিয়ে আসে।

এ সময় হঠাৎ অস্ত্র বের করে আমাদের জিম্মি করে ফেলে। হাত, মুখ, চোখ ও পা বেঁধে হুমকি দেয়, কোনো শব্দ করলে প্রাণে মেরে ফেলবে। এরপর ভিতরে গাড়ি ঢোকা এবং কাজ করার শব্দ পাই। ৪-৫ ঘণ্টা পরে গাড়ি বের হয়ে যাওয়ার শব্দ পাই। রাত আড়াইটার দিকে বেশ চেষ্টা করে সোহাগ তার বাবা শফিকুলের পা ও হাতের বাঁধন খুলে দেয়। পরে শফিকুল সবার বাঁধন খুলে দেয়। আমাদের একটা ঘরে আটকে বাইর থেকে ছিটকিনি দিয়ে রাখা হয়েছিল। আমরা পর্দার স্ট্যান্ড খুলে সেটা দিয়ে ছিটকিনি খুলে রাত সাড়ে ৪টার দিকে বের হই। এরপর আমরা বাইরে গিয়ে ইঞ্জিনিয়ার স্যারদের জানাই।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুমন কুমার, (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, বড়াইগ্রাম থানার ওসি আব্দুস সালাম, বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন কুমার প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড় বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা উদ্‌ঘাটনে ডিবি টিম কাজ শুরু করেছে। পিজিসিবির পক্ষ থেকে অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের আটক এবং মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ।’

একসঙ্গে তিন লাশের খাটিয়া, কাঁদছে পরিবার

নাটোরে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলায় চটপটি বিক্রেতা নিহত

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

অপরাধ দমনে লালপুরে কাল থেকেই হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর

আমরা এক দুঃসময় পার করে আরেক চ্যালেঞ্জে আছি: ফারজানা শারমীন পুতুল

গায়েহলুদের দিন সড়কে প্রাণ গেল প্রকৌশলী বরের

নাটোরে আ.লীগ নেতাকে কুপিয়ে আহতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নাটোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

পদ্মা নদীর বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি

সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করায় পিটিয়ে হত্যার অভিযোগ