নাটোরের লালপুরে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় মাদক কারবারিদের সঙ্গে র্যাব সদস্যদের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সোহাগ মাহমুদ (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। আটক সোহাগ মাহমুদ নবীনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
লালপুর থানা সূত্রে জানা যায়, র্যাব-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের এএসআই মো. পারভেজ মুন্সীর নেতৃত্বে ছয় সদস্যের একটি দল সাধারণ পোশাকে নবীনগর এলাকায় মাদকসংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহে যায়। এ সময় নবীনগর গ্রামের সোহাগ মাহমুদের নেতৃত্বে স্থানীয় ১৫ থেকে ২০ জন লোক র্যাব সদস্যদের পথরোধ করে তাঁদের পরিচয় জানতে চান।
একপর্যায়ে র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তাঁরা মোটরসাইকেলের চাবি কেড়ে নেন বলে অভিযোগ রয়েছে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় র্যাব সদস্য শাহিন হোসেনসহ পাঁচজন আহত হন।
খবর পেয়ে লালপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র্যাব সদস্যদের উদ্ধার করতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পরে পুলিশ সোহাগ মাহমুদকে আটক করে।
আহত র্যাব সদস্য শাহিন হোসেনসহ পাঁচজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে শাহিন ইসলাম সেখানে চিকিৎসাধীন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় সোহাগ মাহমুদকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’