হোম > সারা দেশ > নাটোর

২১ বছর দেখিয়ে ৭ বছরের শিশুর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

নাটোর প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরে সাত বছরের শিশুকে ২১ বছর বয়স দেখিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উদবাড়িয়া গ্রামে। শিশুটি ওই গ্রামের শাহজাহান আলী ওরফে লিতাই কবিরাজের ছেলে ও ৩৫ নম্বর ধারাবারিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। নবম শ্রেণিতে পড়ুয়া শ্রাবণ সরকার নামের এক কিশোরের সঙ্গে কয়েকজন যুবকের পূর্ববিরোধের জেরে ঘটে যাওয়া মারধরের ঘটনায় করা মামলায় ওই শিশু ৩ নম্বর আসামি। সবকিছু জানার পর শিশুটিকে জামিন দিয়েছেন আদালত। পূর্বশত্রুতার জেরে মামলার বাদী শিশুটিকে আসামি করেছেন বলে দাবি পরিবারের।

আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে শিশুটির পক্ষে আদালতে জামিনের আবেদন করা হলে

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে জানা গেছে, ৯ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে গুরুদাসপুরের ধারাবারিষা উচ্চবিদ্যালয়ের সামনে খাঁকড়াদহ গ্রামের শাহানুর রহমানের ছেলে শ্রাবণ সরকার বন্ধুদের সঙ্গে কথা বলার সময় একদল যুবক তাঁর ওপর হামলা চালান। এ সময় অন্যরা পালাতে সক্ষম হলেও শ্রাবণ আহত হন। ঘটনার পরদিন শ্রাবণের বাবা সাত বছরের শিশুটিসহ পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও তিন-চারজনসহ গুরুদাসপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

মামলার অন্য আসামিরা হচ্ছেন মাহফুজুর রহমান (১৯), তারেক রহমান (২০), মো. আলী (১৯) ও লালন কবিরাজ (৫০)। মামলার এজাহারে শিশুটির নামের পাশে বয়স লেখা ছিল ২১।

এদিকে, মামলার বিষয়টি পরদিন জানতে পারে শিশুটির পরিবার। দ্রুত মামলার নথিপত্র সংগ্রহ করে জামিনের চেষ্টা শুরু করে তারা। আজ সকালে বাবা শাহজাহান কবিরাজ ও মা সাগরী বেগমের সঙ্গে আদালতে আসে শিশুটি। শিশুর পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী শামীম হোসেন প্রামাণিক। শিশুটি যখন আদালত প্রাঙ্গণে তার আইনজীবীর সঙ্গে ছিল, তখন সেখানে উপস্থিত অনেকেই বিষয়টি জেনে হতবাক হন। সেখানে জামিনের জন্য ওকালতনামায় স্বাক্ষরসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করতে দেখা যায় শিশুটিকে। এ সময় অনেকেই তাকে দেখতে ছুটে আসেন। উপস্থিত কয়েকজন সিনিয়র আইনজীবী মন্তব্যও করেন, প্রতিহিংসাবশত মামলায় এই বয়সী শিশুকে আসামি করার নজির খুবই কম।

২০২৩ সালের ১ জানুয়ারি রেজিস্ট্রেশন করা জন্মনিবন্ধন সনদ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৪ নভেম্বর জন্ম শিশুটি।

শিশুটির শিক্ষাপ্রতিষ্ঠান ৩৫ নম্বর ধারাবারিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বলেন, ‘হয়রানি ও প্রতিহিংসার কারণে শিশুটিকে মামলায় জড়ানো হয়েছে। ঘটনার দিন ও সময়ে শিশুটি ক্লাসে অবস্থান করেছিল। রুটিনমাফিক ক্লাস হয়, তাই বিদ্যালয় ত্যাগ করে কোনো শিক্ষার্থীরই বাইরে যাওয়ার সুযোগ নেই। আমি প্রতিষ্ঠানপ্রধান হিসেবে বিজ্ঞ আদালত বরাবর এ-সংক্রান্ত প্রত্যয়ন দিয়েছি।’

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল ইসলাম বলেন, বাদীর এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে পেনাল কোডের ধারা সংযুক্ত করা হয়েছে শুধু। বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শিশুটির আইনজীবী শামীম হোসেন প্রামাণিক বলেন, আবেদন করা হলে বিজ্ঞ বিচারক সাত বছর বয়স বিবেচনায় শিশুটির জামিন মঞ্জুর করেন। আইনি পদক্ষেপ অনুসরণপূর্বক তাকে এ মামলা থেকে চূড়ান্ত অব্যাহতির কথাও জানিয়েছেন। পাশাপাশি সাত বছরের শিশুকে কেন ২১ বছর দেখিয়ে এজাহার হলো, তা জানতে বাদীর প্রতি নোটিশ জারি করা হয়েছে।

শামীম হোসেন প্রামাণিক আরও বলেন, ‘৩ নম্বর আসামির বয়স জানতে চাইলে বাদী প্রথমে ২১ ও পরে ১৫ বছর দাবি করেছেন। কিন্ত যখন আমি জানাই তার বয়স সাত, তখন বাদী কিছু জানেন না বলে ফোন রেখে দেন।’

এ ব্যাপারে জানতে এজাহারে উল্লেখ করা মোবাইল নম্বরে বাদী শাহানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

শিশুটির বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছোট বাচ্চা ভয় পেয়ে গেছে। আমার ছেলের জন্য আমি ন্যায়বিচার চাই। তাকে যাদের কারণে কোর্টে আসতে হলো, তাদের বিচার চাই।’

আইনজীবী ও মানবাধিকারকর্মী বাকী বিল্লাহ রশীদি বলেন, ‘সাত বছর বয়সে শিশুটি কোর্টে এসেছে, ওকালতনামায় সই করেছে নিজের জামিনের জন্য। এই ট্রমা তার থেকে যাবে। যারা প্রতিহিংসার কারণে এই জঘন্য কাজটি করেছে, তাদের শাস্তি হওয়া দরকার। মিথ্যা মামলায় হয়রানি করার ফলে শাস্তির নজির রয়েছে। বিজ্ঞ আদালত এমন ঘটনায় একটি দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা করি।’

নাটোরে বজ্রপাতে প্রাণ গেল ধানকাটা শ্রমিকের

লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: বিপাকে পরীক্ষার্থীরা

লালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, মোটরসাইকেলে আগুন

বড়াইগ্রামে গান শিখতে গিয়ে ধর্ষণের শিকার ছাত্রী

কারাগারে বসে পাওয়ার গ্রিডে ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

পুকুরে দুই ভাইয়ের মৃত্যু

রেলসেতুতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

এবারের বৈশাখ ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে: প্রতিমন্ত্রী পুতুল

৫০ গাড়ি নিয়ে মহড়া দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

৫০ গাড়ি নিয়ে ছাত্রদল নেতার মহড়া, অর্থের উৎস নিয়ে প্রশ্ন