বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘নিজের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন হতে হবে। নিজের অধিকার নিজেরাই আদায় না করলে অন্য কেউ এনে দেবে না। আমরা আপনাদের পাশে দাঁড়াতে ও সহযোগিতা করতে পারি। তবে নিজের অধিকার আদায়ে জনগণকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
আজ শনিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মায়ের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, ‘খান পরিবার দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতায় সব সময় ভূমিকা রেখেছে। আমার মা বেগম খোর্শেদা বানু খান ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে অসহায় ও নিগৃহীত মানুষের কল্যাণে কাজ করেছেন।’
খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি মিলিনিয়াম ইউনিভার্সিটির উপাচার্য অভিনয় চন্দ্র সাহা, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল আল-ফারুক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন মিলটন।