নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ভাগাড় থেকে দিগন্ত (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মাধবদী মারকাজ মসজিদসংলগ্ন নরসিংদী-মদনগঞ্জ মহাসড়কের পাশের একটি ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দিগন্ত মাধবদী পৌরসভার বিরাম এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন দিগন্ত। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন, তিনি হয়তো কোনো বন্ধুর বাসায় গিয়েছেন। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে ভাগাড়ে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে মাধবদী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবককে অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।