নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসের চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১৩ জুন) ভোর ৫টার দিকে শিবপুর উপজেলার কারারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে ঢাকাগামী মামুন স্পেশাল সার্ভিস নামের একটি যাত্রীবাহী বাস কারারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহত এক ব্যক্তি বলেন, ‘আমরা ঘুমে ছিলাম, হঠাৎ দেখি বাস খাদে পড়ে গেছে। আমরা বুঝতেই পারিনি কী হতে কী হয়ে গেল। তবে আল্লার কাছে শুকরিয়া, আমাদের বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।’
শিবপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ করেন। যারা গুরুতর অবস্থায় আছে, তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থলেই অবস্থান করছেন।