নরসিংদীর রায়পুরার একটি বাজারে ‘মব’ সৃষ্টি করে নাসির মিয়া (২২) নামে এক যুবক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের উসমান মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নাসির জংলী শিবপুর বাজারে যান। এ সময় দুর্বৃত্তরা তাঁকে একটি গুদামঘরে আটকে রেখে বেধড়ক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে তাঁকে গণপিটুনি দেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের বোন কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, ‘পাবলিক আমার ভাইকে মেরে ফেলছে।’
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জংলী শিবপুর বাজার এলাকায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’