নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাবার কাছ থেকে মাদকের টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে নিজেদের বসতঘরে আগুন দিয়েছেন নাজমুল হাসান (২৮) নামের এক যুবক। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈইর কালিয়াভিটা কবরস্থানসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার পর নাজমুল এলাকা ছেড়ে পালিয়ে যান বলে জানিয়েছেন তাঁর বাবা আয়েত আলী।
আয়েত আলীর অভিযোগ, তাঁর কাছে মাদক কেনার জন্য টাকা চেয়েছিলেন নাজমুল। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেন তিনি। এতে ঘরের কয়েকটি কক্ষের আসবাবপত্র ও প্লাস্টিকের ক্রেট পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি টিনের ঘরও। আগুনে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আয়েত আলী।
পরে খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আগুনে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।