হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

৬ বছর পর্যন্ত সব শিশুকে হামের ভ্যাকসিন দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি: আজকের পত্রিকা

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

আজ শনিবার দুপুরে রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। শূন্য থেকে ৬ বছর বয়স পর্যন্ত সব শিশুকে হামের ভ্যাকসিন দেওয়া হবে। সব শিশুকে বাড়ি থেকে এনে হামের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে নেতা-কর্মীদের উদ্যোগ নিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি। ডেঙ্গু প্রতিরোধে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আজ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন। নিজ নিজ বাড়ির আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা গেলে ভবিষ্যতে দেশে ডেঙ্গু বলে কোনো রোগ থাকবে না। ডেঙ্গুর বিরুদ্ধে সবাইকে যুদ্ধ শুরু করতে হবে।

আলোচনা সভা শেষে রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এবং স্থানীয় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধাদের মাঝে বিনা মূল্যের মেডিকেল হেলথ কার্ড বিতরণ করেন। পরে পাড়াগাঁও ঈদগাহ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।