নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে দিনভর পরিস্থিতি স্বাভাবিক থাকার পর আজ মঙ্গলবার বিকেলে ফের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বেলা ৩টায় ফতুল্লার কাঠেরপুল এলাকার বিভিন্ন গার্মেন্টস থেকে শ্রমিকেরা বেরিয়ে আসেন। এরপর তাঁরা শিবু মার্কেট এলাকায় অবস্থান নিলে বন্ধ হয়ে যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের যান চলাচল। ঢাকা ও চাষাঢ়ামুখী সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।
আন্দোলনরত শ্রমিকেরা ধীরে ধীরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে অগ্রসর হতে শুরু করেন। বিকেল সাড়ে ৪টায় লিংক রোডের স্টেডিয়াম এলাকায় পুলিশ বাধা দিলে পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা। একপর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন শ্রমিকেরা।
এ সময় বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। টিয়ার শেলের ধোঁয়ায় ছত্রভঙ্গ হয়ে যান শ্রমিকেরা। সন্ধ্যা সোয়া ৫টার দিকে আবারও শুরু হয় সড়কে যান চলাচল।
উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। আজ আন্দোলনে নামবেন না—এমন প্রতিশ্রুতি শ্রমিকদের কাছ থেকে এলেও সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে ফের আন্দোলনে নেমে বিশৃঙ্খলা করেছেন তাঁরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুড়েছে। ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তবে তা গুরুতর নয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।