নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে একমাত্র পুত্রসন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বিষপানে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। মারা যাওয়া শিশুটি উপজেলার পশ্চিম মীরাপাড়া এলাকার হারুনের ছেলে।
গতকাল বুধবার (২২ জুলাই) উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পশ্চিম মীরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মতের মিল হচ্ছিল না সাহিদার। তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হতো প্রায়ই। গতকাল দুপুরের পর কোনো একসময়ে নিজ বাড়িতে সন্তানকে বিষ পানের পর নিজেও বিষপান করেন সাহিদা। পরিবারের সদস্যরা টের পেয়ে অবস্থা বেগতিক দেখে দ্রুত সাহিদাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হলেও মারা যায় শিশুটি। সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় পুরো বিষয়টি তদন্তাধীন। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।