নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে সজল মালি (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামে এ ঘটনা ঘটে। সজল মালি ওই এলাকার জিতেন মালির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার তদন্ত কর্মকর্তা আবু তালেব।
থানা ও পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে সজল মালির স্ত্রীর (দুলালী মালি) সঙ্গে প্রতিবেশী মুক্তি মালির পারিবারিক বিরোধের জেরে কথা-কাটাকাটি শুরু হয়। মুক্তি মালিকে সঙ্গ দিতে এগিয়ে আসেন আরও দুই প্রতিবেশী মণ্ডলী মালি ও মালা মালি। কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিবন্ধী সজল মালির স্ত্রীকে মারধর শুরু করেন ওই তিন নারী। সজল মালি এগিয়ে এসে তাঁদের থামতে বললে মুক্তি মালি মাটিতে পড়ে থাকা আমগাছের ডাল দিয়ে তাঁকে আঘাত করেন এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর এই ঘটনায় নিহত সজল মালির স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার আবেদন করেছেন।
থানার তদন্ত কর্মকর্তা আবু তালেব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজন নারীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি মামলার প্রস্তুতি চলছে।