হোম > সারা দেশ > নওগাঁ

নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে রেজাউল করিম ওরফে লছিমন (৫০), বগুড়ার আদমদিঘী উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনির বাবুর ছেলে সাগর (৪২) এবং নওগাঁ সদর উপজেলার চক-গোয়ালী এলাকার আমজাদ হোসেনের ছেলে রিমন হোসেন (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ভাবিচা ইউনিয়নের গাবতলী এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ডাকাতির উদ্দেশে ৭-৮ জনের একটি দল পিকআপ নিয়ে নিয়ামতপুরের দিকে আসছে। পরে ওই এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গাড়ি ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তিনজনকে আটক করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের মধ্যে রেজাউল করিম ওরফে লছিমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসংক্রান্ত নয়টি মামলা রয়েছে। সাগরের বিরুদ্ধে পাঁচটি এবং রিমনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।