হোম > সারা দেশ > নওগাঁ

ধামইরহাটে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

আহত সত্যেন্দ্রনাথ মাহাতোকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর ধামইরহাটে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে পিপাসা মাহাতো (২৮) নামের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার দক্ষিণ চকযদু এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত সত্যেন্দ্রনাথ মাহাতো জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের (বিএম শাখা) প্রভাষক।

আজ বুধবার দুপুরে সত্যেন্দ্রনাথ মাহাতো বাদী হয়ে তাঁর স্ত্রী পিপাসা মাহাতো, শ্বশুর খোকা মাহাতোসহ অজ্ঞাতনামা আরও সাতজনের বিরুদ্ধে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দেন। অভিযুক্তরা সবাই উপজেলার মঙ্গলবাড়ী মুকুন্দপুর এলাকার বাসিন্দা।

অভিযোগে সত্যেন্দ্রনাথ মাহাতো জানান, তাঁর স্ত্রী প্রায়ই বাপের বাড়ি যাওয়ার জন্য চাপ দিতেন এবং জোর করে চলে যেতেন। সংসারের প্রতি খেয়াল না রেখে ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার কারণ জানতে চাইলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশায় করে তাঁর শ্বশুরবাড়ির লোকজন বাড়ির সামনে এসে ডাকাডাকি করেন। দরজা খুলতেই তাঁদের হাতে থাকা বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে তাঁকে আঘাত করা হয়।

এ সময় মাথা ও কানে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শ্বশুর খোকা মাহাতো। তিনি বলেন, তাঁর মেয়ে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছে এবং হাতে বিষফোড়াও হয়েছিল। কিন্তু জামাই মেয়ের চিকিৎসার কোনো ব্যবস্থা করতেন না। চিকিৎসার খরচ তাঁকেই বহন করতে হতো। পাশাপাশি প্রায়ই মেয়ের গায়ে হাত তুলতেন। তিনি আরও বলেন, এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অভিযোগ করা হয়েছিল। মঙ্গলবার রাতে জামাই তাঁর মেয়েকে মারধর করেছেন—এ খবর পেয়ে তিনি ছেলেকে নিয়ে জামাইয়ের বাড়িতে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয় এবং দরজার আঘাতে সত্যেন্দ্রনাথ আহত হন বলে দাবি করেন তিনি।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, তাঁরা অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁয় বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত, সড়ক অবরোধ

বাবা-ছেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, ছেলে নিহত, বাবা আহত

রাণীনগরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাতে ছিনতাই, আহত ২

নওগাঁয় বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

পুকুরে মরে ভেসে উঠেছে সব মাছ, দিশেহারা মাছচাষি

বদলগাছীতে আগুনে পুড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

ধামইরহাটে বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধান, দিশেহারা কৃষক

বদলগাছীতে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নওগাঁয় ৯ যুবকের দাফন সম্পন্ন, শোকাতুর তিন গ্রাম