বিদ্যালয়ের প্রধান ফটক পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে ফুলে ফুলে সজ্জিত একটি ঘোড়ার গাড়ি। গাড়িতে বসে আছেন সদ্য অবসরে যাওয়া সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মণ্ডল। দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা। কেউ ফুল ছুড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন। আবার অনেকের চোখেই ছিল অশ্রু। গতকাল মঙ্গলবার বিকেলে নওগাঁর বদলগাছীতে উপজেলার সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দৃশ্য দেখা যায়।
দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে যাওয়া প্রধান শিক্ষক অসীম কুমার মণ্ডলকে সম্মান জানাতে এই আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক অসীম কুমার মণ্ডল। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এই বিদ্যালয়ে কাটানো সময় আমার জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায়। সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের যে ভালোবাসা পেয়েছি, তা কখনো ভোলার নয়।’
সাবেক শিক্ষার্থী বুলবুল আহমেদ বলেন, ‘স্যার শুধু আমাদের শিক্ষক নন, তিনি আমাদের জীবনের পথপ্রদর্শক। আমি যেমন তাঁর ছাত্র, আমার সন্তানও তাঁর ছাত্র। বিদ্যালয়ে আর তাঁকে নিয়মিত দেখা যাবে না—এটাই সবচেয়ে কষ্টের।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক অদিতি শীল বলেন, ‘স্যার আমাদের কাছে একজন অভিভাবকের মতো ছিলেন। তাঁর বিদায় মেনে নেওয়া কঠিন। মনে হচ্ছে, বিদ্যালয়ের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রোস্তম আলী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানাউল হাবিব। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।