জনসচেতনতা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ সাইফুল ইসলাম শান্তি (২৬) নামের এক যুবকের। আজ সোমবার নওগাঁ শহরের মুক্তির মোড়ে শহীদ মিনার এলাকায় দেখা যায় ওই যুবককে। বুকে ফেস্টুন ও মাথায় ক্যাপ (টুপি) দিয়ে দাঁড়িয়ে পথচারীদের দৃষ্টি আকর্ষণ এবং চলমান পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সাইফুল ইসলাম শান্তি পঞ্চগড় সদর উপজেলার আমলাহার গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, কিশোর গ্যাংসহ সমাজের নানা অসংগতি সম্পর্কে মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছেন।
সাইফুলের মাথার টুপিতে লেখা রয়েছে—‘নিয়ামতপুরে চার খুনের সাথে জড়িতদের ফাঁসি চাই।’ বুকে ঝোলানো ফেস্টুনে লেখা রয়েছে—‘সহিংসতা নয়, জমিজমাসহ যেকোনো বিরোধ লাঘবে আইনি পথ বেছে নিন।’
মুক্তির মোড়ে অবস্থানের পর সাইফুল হেঁটে শহরের প্রধান বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং সাধারণ মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক সহিংসতা রোধে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
জানতে চাইলে সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, তিনি কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবে নয়, বরং একজন লজ্জিত ও উদ্বিগ্ন নাগরিক হিসেবে এই সচেতনতামূলক প্রচারণার কাজ করছেন।
সম্প্রতি নিয়ামতপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে স্বজনদের হাতে একই পরিবারের চারজন নির্মমভাবে হত্যার শিকার হন। এ ঘটনা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি বলেন, ‘নির্মম এই হত্যাকাণ্ড থেকে আমাদের সকলকে শিক্ষা নেওয়া উচিত। সামান্য জমির জন্য যখন মানুষ আপনজনের রক্ত ঝরাতে পারে, তখন বুঝতে হবে, আমরা ভয়াবহ এক নৈতিক অবক্ষয়ের মধ্য দিয়ে যাচ্ছি।’
সাইফুল ইসলাম আরও বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধ হলে সহিংসতা নয়, আমাদের আইনের পথ বেছে নেওয়া উচিত। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারালয়ে যাঁরা আছেন, তাঁদের উচিত—জমিসংক্রান্ত বিরোধের কোনো সমস্যা থানায় কিংবা আদালতে গেলে সেগুলোর যেন দ্রুত সমাধান হয়। কারণ, বিচারের দীর্ঘসূত্রতার কারণে মানুষ অনেক সময় সহিংসতার পথ বেছে নেয়।’