মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের দক্ষিণ চাইনপাড়া গ্রামে আলিফা (২) নামে এক শিশুকন্যার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে শিশুটির দাদি আলিফাকে ঘুম পাড়িয়ে বাড়ির পাশে পাট আনতে যান। কিছুক্ষণ পর শিশুটির বাবা রিফাত শেখ ঘরে গিয়ে দেখেন, আলিফা কোনো সাড়া দিচ্ছে না। পরে দ্রুত তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর স্বজনরা মরদেহ নিয়ে বাড়ি ফিরে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
পুলিশ জানায়, শিশুটির জন্মের প্রায় দেড় মাস পর পারিবারিক কলহের জেরে তার মা রীমা আক্তার স্বামীর বাড়ি ছেড়ে কুমিল্লায় বাবার বাড়িতে চলে যান। প্রায় তিন মাস আগে তিনি আবার স্বামীর বাড়িতে ফিরে আসেন। তদন্তের অংশ হিসেবে পারিবারিক বিরোধের বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
শিশুটির বাবা রিফাত শেখ বলেন, ‘আমার মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এরপর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।