মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে ড্রেজিং করে ফসলি জমি ভরাটের অপরাধে মো. আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার সেতুর নিচে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত আমিনুল একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন বলেন, ‘ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ড্রেজিং ও বালু ভরাটের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’