মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন তিনটি হাউজিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সিলভার গ্রীন সিটি ও নাভানা রিয়েল এস্টেট নামে ২ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রিন্স সিটিসহ তিনটি প্রতিষ্ঠানেরই অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণ এবং দীর্ঘ ২০ বছর ধরে অবরুদ্ধ থাকা একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
অভিযানে সরকারি কোনো বৈধ অনুমোদন ছাড়াই সিলভার গ্রীন সিটি হাউজিং প্রকল্প, নাভানা রিয়েল এস্টেট কোম্পানি ও প্রিন্স সিটি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা ও অবৈধ বিজ্ঞাপন প্রদর্শন করে আসছিল। পরে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনে সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্পকে ২ লাখ টাকা এবং নাভানা রিয়েল এস্টেট কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রিন্স সিটিসহ তিনটি প্রতিষ্ঠানের অবৈধ বিলবোর্ড ভেঙে উচ্ছেদ করা হয়।
অভিযানকালে সিলভার গ্রীন সিটি কর্তৃপক্ষ প্রায় ২০ বছর আগে লোহার রেলিং স্থাপন করে লক্ষ্মীবিলাস গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছিল। এতে মুসল্লিদের মসজিদে যাতায়াতসহ স্থানীয়দের দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি নজরে আসার পর উপজেলা প্রশাসনের নির্দেশে তাৎক্ষণিকভাবে লোহার রেলিং অপসারণ করে অবরুদ্ধ পথটি উন্মুক্ত করে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, অনুমোদনহীন হাউজিং প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা কিংবা জনস্বার্থ বিঘ্নিত করার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।