মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে পূর্ণ বাড়ই (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার পূর্ণ বাড়ই হাসাইল বানারী ইউনিয়নের বানারী গ্রামের জুগেশ বাড়ইয়ের ছেলে। বর্তমানে তিনি উপজেলার আউটশাহী ইউনিয়নের শিলিমপুর এলাকায় তাঁর ভাগনে সজীব মণ্ডলের বাড়িতে বসবাস করছিলেন।
টঙ্গিবাড়ী থানা-পুলিশ জানায়, উপজেলার ভোরন্ডা এলাকার একটি বাড়ির দক্ষিণ পাশ থেকে পূর্ণ বাড়ইকে গ্রেপ্তার করা হয়। শিশুর শ্লীলতাহানির ঘটনায় অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
পুলিশ আরও জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে মুন্সিগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।