হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ৪

মুন্সিগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার চার দিনের মধ্যে হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ রোববার (৩১ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পিবিআই মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসমা আরা জাহান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবু কালাম (৪৮), জামাল হোসেন (৪৪), রাসেল মিয়া (৪৪) ও আল আমিন প্রধান (৫০)। তাঁরা সবাই গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বড় ভাটেরচর এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শুক্রবার (২৯ মে) সকালে গজারিয়ার ফুলদী নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহে পচন ধরায় প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পিবিআইয়ের ক্রাইম সিন টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত তরুণীর পরিচয় শনাক্ত করে।

নিহত তরুণী গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় নিহত তরুণীর বোন বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা করেন।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, নিহত তরুণীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের আর্থিক ও ব্যক্তিগত বিরোধ ছিল। সামাজিক মর্যাদাহানির আশঙ্কা ও পূর্ববিরোধের জেরে হত্যার পরিকল্পনা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার প্রায় ১৫ দিন আগে থেকেই হত্যার পরিকল্পনা করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, ২৬ মে সন্ধ্যায় কৌশলে তরুণীকে বড় ভাটেরচর নদীর তীরে ডেকে নেওয়া হয়। পরে নদীর ওপারে নিয়ে গিয়ে তাঁকে দলবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।

আজ রোববার বিকেলে মুন্সিগঞ্জ কোর্ট পরিদর্শক সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁরা মুন্সিগঞ্জ আমলি আদালত-৫-এর বিচারক জিনিয়া ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসমা আরা জাহান বলেন, তথ্যপ্রযুক্তি ও তদন্তের মাধ্যমে দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন: যাচাই-বাছাই কমিটির বাদ দেওয়া শিক্ষকদেরই বহাল

সিরাজদিখানে জুয়া খেলতে বাধা দেওয়ায় ঘরে আগুন দেওয়ার অভিযোগ

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

‘পালিয়ে যাবে না বলে যে পালায়, আসি আসি বলে সে কোনো দিন আসবে না’

চাপা দেওয়ার পর ট্রাকে তুলে নিয়ে রাস্তার পাশে লাশ ফেলে দেন চালক

সিরাজদিখানে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মুন্সিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১২

সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছ ভেঙে পড়ল অ্যাম্বুলেন্সের ওপর, কয়েক ঘণ্টা বন্ধ সড়ক

মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন