মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শ্যামল ছায়া ডিসি প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল ঘরের দরজা ভেঙে নগদ ৮ লাখ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ঘটনার সময় আব্দুল লতিফ সপরিবারে তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। তাঁর ওই দোতলা ভবনে স্থানীয় প্রজেক্ট মসজিদের ইমাম মাওলানা আল-আমিন একা ছিলেন। রাত ২টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত ভবনের মূল ফটক ও নিচতলার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে আতঙ্কে ভবনের ছাদে উঠে আত্মরক্ষা করেন ইমাম।
পরবর্তীকালে ডাকাতেরা একটি শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাব ও আলমারি ভাঙচুর করে। সেখান থেকে নগদ আট লাখ টাকা এবং প্রায় দুই ভরি স্বর্ণালংকারসহ মোট ১২ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
এ বিষয়ে বাড়ির মালিক বিএনপি নেতা আব্দুল লতিফ বলেন, ‘ডাকাতির সময় আমি সপরিবারে খাসমহল গ্রামে শ্বশুরবাড়িতে ছিলাম। বাড়িতে প্রজেক্টের মসজিদের ইমাম সাহেব ছিলেন। ডাকাতেরা ঘরের আলমারি ও আসবাব ভেঙে তছনছ করেছে এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘সংবাদ পাওয়ার পরপর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ জোর তদন্ত শুরু করেছে।’