মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুণ্ঠিত পাঁচটি শটগানের গুলি উদ্ধার করেছে র্যাব-১০। গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে শ্রীনগর থানার বাঘড়া বাজারের পূর্ব পাশে নদীর পাড়ের গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০-এর মুখপাত্র সহকারী পরিচালক তপন সরকার।
র্যাব-১০ জানায়, সিপিসি-২, মুন্সিগঞ্জ শ্রীনগর ক্যাম্পের একটি অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় গরুর হাটের উত্তর পাশে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি শটগানের গুলি উদ্ধার করা হয়। পরবর্তী সময় যাচাই করে র্যাব জানতে পারে, উদ্ধার করা গুলিগুলো ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের কাছ থেকে লুণ্ঠিত হয়েছিল।
র্যাব-১০ জানিয়েছে, ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা গুলিগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ আরও জানিয়েছে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।