মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকামুখী আরাম পরিবহনের একটি বাস থেকে নেমে ওই নারী এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা ও একটি ব্যাগ উদ্ধার হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।