হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি যুবলীগ নেতা রুহুল আমিন সরকারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা গ্রাম থেকে ইয়াবা সেবন অবস্থায় গ্রেপ্তার করা হয় তাঁকে। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রুহুল আমিন সরকার বকুলতলা গ্রামের আনজু সরকারের ছেলে। তিনি আধারা ইউনিয়ন যুবলীগের কার্যকরী সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জ জেলা সদরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও ছাত্র হত্যার ঘটনায় হওয়া মামলার অন্যতম আসামি রুহুল আমিন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আগের দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। দীর্ঘদিন ধরে পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বকুলতলা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রভাত সিকদার বলেন, রুহুল আমিনের বিরুদ্ধে ছাত্র হত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ও মারামারির মামলাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।