হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিন ১৮ বছর পর চট্টগ্রামে গ্রেপ্তার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

একরামুল হক রবিন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি একরামুল হক রবিনকে ১৮ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাঁকে সাটুরিয়া থানায় আনা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তাঁকে মানিকগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার একরামুল হক রবিন (৪৬) সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রফিকুল ইসলাম মিলুর ছেলে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১০ ও ৭ নম্বর ইউনিট এবং সাটুরিয়া থানা পুলিশের যৌথ দল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

সাটুরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৮ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(ক)/৩০ ধারায় সাটুরিয়া থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত রবিনকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে চাঁদপুরের মতলব উপজেলার আশ্বিনপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মিতুকে রবিন বিয়ে করেন। বিয়ের পর যৌতুকের দাবিতে স্ত্রীর পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। একপর্যায়ে মিতুর পরিবার এক লাখ ১০ হাজার টাকা দিলেও আরও সাড়ে চার লাখ টাকা দাবি করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, দাবিকৃত টাকা না পেয়ে ২০০৮ সালের ১৭ জুলাই রাতে মিতুকে নির্যাতনের পর হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ১৮ জুলাই মিতুর মামা ইকবাল হোসেন বাদী হয়ে রবিন ও তাঁর বাবা রফিকুল ইসলামকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০০৯ সালে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ২০২১ সালের ৬ জানুয়ারি মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন রবিনকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় তাঁর বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়। পরে যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।