হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে ট্রাকের ধাক্কায় ডোবায় হানিফ পরিবহনের বাস, আহত অন্তত ২০

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি 

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেল যাত্রীবাহী বাস। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে পাটুরিয়া রাস্তার গোলায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ঢাকাগামী বাসটি পাটুরিয়া ঘাট পার হওয়ার পর সামনে থাকা একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে।

ধাক্কার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ থেকে ৪২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে নবগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। উদ্ধার করে আহত ১৩ যাত্রীকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নবগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জাহিদ বলেন, দুর্ঘটনার পর একজন যাত্রী নিখোঁজ থাকার খবর পাওয়া গেলেও পরে তাঁকে হাসপাতালে পাওয়া যায়। আর কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা নিশ্চিত হতে ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা অবস্থান করছেন।