মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে হরগজ ইউনিয়নে অবস্থিত পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাটুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলছে। গরমে ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ গ্রাহকেরা। এর প্রতিবাদে আজ সন্ধ্যায় হরগজ ইউনিয়নের শতাধিক বাসিন্দা সাবস্টেশনের সামনে জড়ো হয়ে ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পুলিশ পরিস্থিতি শান্ত করে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন সাবস্টেশনে অবস্থান নিয়েছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে শান্ত করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাবস্টেশন এলাকায় পুলিশের নজরদারি রাখা হয়েছে।’
সাটুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ওয়ালিউর রহমান বলেন, ‘পিক আওয়ারে আমাদের বিদ্যুতের চাহিদা প্রায় ১৪ মেগাওয়াট। কিন্তু জাতীয় গ্রিড থেকে আমরা গড়ে মাত্র পাঁচ থেকে ছয় মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। চাহিদার অর্ধেকের কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় বাধ্য হয়ে এলাকায় লোডশেডিং করতে হচ্ছে।’