হোম > সারা দেশ > মানিকগঞ্জ

এডিট করা অশ্লীল কনটেন্ট দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ৩ জন গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

অশ্লীল কনটেন্ট দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিন ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে এক নারীর ছবি বিকৃত করে অশ্লীল কনটেন্ট তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার বিজয় মেলার মাঠ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার চর ঘোস্তা গ্রামের সেলিম মিয়া (২৮), সিংগাইর উপজেলার সাদ্দাম হোসেন (৩০) ও ইয়াসিন (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যক্তির বাসায় রাজমিস্ত্রির কাজ করার সময় সেলিম মিয়া কৌশলে তাঁর মোবাইল ফোন থেকে ব্যক্তিগত কিছু ছবি সংগ্রহ করেন। পরে ওই ছবিগুলো এডিট করে অশ্লীল কনটেন্ট তৈরি করা হয়। এরপর সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী ব্যক্তির কাছে ২০ লাখ টাকা দাবি করা হয়।

এই ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বিজয় মেলার মাঠ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, এই ঘটনায় মানিকগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।