মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া এলাকায় ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে কানুটিয়া ও মৌশা গ্রামের দুই পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলা এ ঘটনায় অন্তত ছয়টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন লাকু শেখ, ইউনুস মোল্লা, বাদশাহ শেখ, সিরাজুল ইসলাম শেখ, নাজমুল বিশ্বাস, সুজন কাজি, শহিদুল ইসলাম শেখ ও সাহেব আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, কানুটিয়া এলাকার হাসান মোল্যার ছেলে আজম মৌশা এলাকায় গিয়ে ইয়াবা সেবন করার সময় স্থানীয় লোকজন তাঁকে বাধা দেন এবং মারধর করেন। পরে আজমের ইয়াবা সেবনের ছবি ও তাঁর বাবার মাদক কারবার-সংক্রান্ত তথ্য ফেসবুকে পোস্ট করা হলে তা ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
এরপর মৌশা এলাকার রবিউল নামের এক যুবককে গাঁজাসহ পুলিশে ধরিয়ে দেন কানুটিয়ার লিয়াকত নামের এক ব্যক্তি। এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে কানুটিয়া বাজারে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ান। সংঘর্ষ চলাকালে রাসেল ফকির, মিঠুন, বায়েজিদ হোসেন, আবুল বাশারসহ ছয়জনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এ সময় বায়েজিদ হোসেনের বাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেন প্রতিপক্ষের লোকজন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মাগুরা ও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মাদক ও সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।