হোম > সারা দেশ > মাগুরা

২০০ ফুট উঁচু টাওয়ারে উঠে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্ত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

দুইশ ফুট উঁচু বাংলালিংক টাওয়ারের মাথায় উঠে পতাকা টাঙালেন আর্জেন্টিনাভক্ত আল আমিন। ছবি: আজকের পত্রিকা

মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রায় ২০০ ফুট উঁচু একটি মোবাইল টাওয়ারের চূড়ায় উঠে আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা টাঙিয়েছেন আল আমিন নামের এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আল আমিনের বাড়ি মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামে। তিনি পেশায় কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবুখালী বাজারের দক্ষিণ পাশে নবাব আলীর বাড়ি-সংলগ্ন বাংলালিংক টাওয়ারের মাথায় উঠে তিনি পতাকা দুটি টাঙান। আকাশি-সাদা আর্জেন্টিনার পতাকার ওপর তিনি বাংলাদেশের লাল-সবুজ পতাকা বেঁধে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই আল আমিন টাওয়ারের চূড়ায় উঠে যান।

ঘটনাস্থলে জড়ো হওয়া স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ হাততালি দিয়ে তাঁকে উৎসাহ দেন। আবার যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কায় অনেকের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ে।

নিরাপদে নিচে নেমে আসার পর আল আমিন বলেন, প্রিয় দল আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকেই তিনি এই ঝুঁকি নিয়েছেন। তবে নিজের দেশের পতাকাকে সবার ওপরে রাখতেই তিনি আর্জেন্টিনার পতাকার ওপরে বাংলাদেশের পতাকা বেঁধেছেন।

স্থানীয় হরিণাডাঙ্গা গ্রামের আরেক ভক্ত বলেন, ‘প্রিয় দল আর্জেন্টিনা ও লিওনেল মেসি, ডিমারিয়ার প্রতি ভালোবাসা থেকেই আল আমিনকে অনুরোধ করে ওই টাওয়ারে পতাকা টাঙানো হয়েছে। যেমন আমাদের ভালোবাসা, তেমন সাহসিকতার পরিচয় আমরা দিয়েছি।’

ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের বিপজ্জনক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ফুটবলপ্রেমীদের।