মাদারীপুরের শিবচর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বারেক মাদবর পলাতক রয়েছেন। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগারোরশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই এলাকার মোসলেম মাদবরের ছেলে। তাঁরা সম্পর্কে আপন চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলতাফ মাদবর ও বারেক মাদবরের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় তাঁদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বারেক মাদবর আলতাফ মাদবরের বুকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে শিবচর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত বারেক মাদবর পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।