হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ও সন্ধ্যায় উপজেলার দুটি পৃথক এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত দুই শিশু হলো—শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের পশ্চিমকান্দি এলাকার সৌদিপ্রবাসী হুমায়ুন খানের মেয়ে অরিন (৩) এবং বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর এলাকার মাহাবুব খানের মেয়ে ফাতেমা (২)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বিকেলের দিকে ফাতেমা খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, আজ সন্ধ্যায় অরিনকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। একপর্যায়ে ঘরের পেছনের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। তাকেও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান।

বিষয়টি নিশ্চিত করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. ইব্রাহিম মিয়া বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।