হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে ১০০ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি পেলেন হুইলচেয়ার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ১০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে হুইলচেয়ার। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচরে ১০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে হুইলচেয়ার। একই সঙ্গে ২৭টি অসহায় পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে শিবচর উপজেলা পরিষদের পদ্মা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে হুইলচেয়ার বিতরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে ২৭ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়।

সুবিধাবঞ্চিতদের মাঝে হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ করেন প্রধান অতিথি মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি অসহায় পরিবারগুলোর বসবাসের নিরাপত্তা নিশ্চিত করতেও এ ধরনের সহায়তা কার্যকর ভূমিকা রাখবে।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ‘সরকারি মানবিক সহায়তার অংশ হিসেবে ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার এবং ২৭টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিস চন্দ্র বোস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসান প্রমুখ।