হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে মানব পাচার মামলায় পুত্রবধূ ও শ্বশুর গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

মাদারীপুর জেলার শিবচরে মানব পাচার মামলার আসামি পুত্রবধূ ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৩ এপ্রিল) রাতে শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তানিয়া বেগম শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর গ্রামের শীর্ষ মানব পাচারকারী সোবাহান মোল্লার স্ত্রী ও সালাম মোল্লা একই এলাকার আলী মোল্লার ছেলে।

গ্রেপ্তার দুজন সম্পর্কে পুত্রবধূ ও শ্বশুর। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এই তথ্য জানায় পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, ১৮ লাখ টাকায় সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রুহুল মাতুব্বরের ছেলে লিমন মাতুব্বরকে (২২) সরাসরি ইতালি নেওয়ার প্রলোভন দেন শীর্ষ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য সোবাহান মোল্লা ও তাঁর লোকজন। পুরো ১৮ লাখ টাকা দেওয়া হলে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশে রওনা হন লিমন। প্রথমে তাঁকে সৌদি আরবে নিয়ে যায় দালাল চক্র।

পরে সেখান থেকে ওই যুবককে লিবিয়ায় নিয়ে একটি বন্দিশালায় আটকে রাখে মাফিয়ারা। পরে নির্যাতন চালিয়ে পরিবার থেকে কয়েক দফায় মুক্তিপণ হিসেবে নগদ ও ব্যাংকের মাধ্যমে আরও ১২ লাখ টাকা হাতিয়ে দেয় দালাল চক্র। এরপর আর কোনো হদিস নেই লিমনের।

এই ঘটনায় ৭ এপ্রিল সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার শামীম মাতুব্বরের স্ত্রী ও ভুক্তভোগী লিমনের খালা মুন্নি আক্তার বাদী হয়ে সোবাহান মোল্লা, তাঁর বাবা সালাম, সোবাহানের স্ত্রী তানিয়াসহ আটজনের নামে মানব পাচার আইনে মামলা করেন।

পরে অভিযান চালিয়ে সোবাহানের স্ত্রী তানিয়া ও তাঁর শ্বশুর সালাম মোল্লাকে গ্রেপ্তার করেন র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে গ্রেপ্তার দুজনকে সদর মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব। পরে পাঠানো হয় আদালতে। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসা. সাবরিনা তাবাসসুম গ্রেপ্তার দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মানব পাচার মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

সৌদি আরবে ভবন থেকে পড়ে মাদারীপুরের যুবকের মৃত্যু

মাদারীপুরে যাত্রীবাহী বাসে আগুন, নামতে গিয়ে ১ জনের মৃত্যু

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

মাদারীপুরে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত শিশুটি মারা গেছে

মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে ৫ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী অসুস্থ

অবৈধভাবে ইতালিযাত্রা: লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে ডাসারের যুবকের মৃত্যু

তিন বছর পর নিখোঁজ ইদ্রিসকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর আওয়ামী লীগ সমর্থকের হামলা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ১০