লক্ষ্মীপুরের রায়পুরে উদ্ধার হওয়া ১১টি শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দলের চার সদস্য। দলের নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সার।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁঞা আজকের পত্রিকাকে বলেন, ‘দুধের কৌটা দুটি থেকে ছোট-বড় মিলিয়ে ১১টি আইইডি বোমা পাওয়া গেছে। এগুলো উদ্ধার করে দক্ষিণ চরবংশীর চর কাচিয়া গ্রামের একটি খোলা মাঠে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।’
গত মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়ির উঠানের একটি গর্ত থেকে দুধের দুটি কৌটা উদ্ধার করা হয়। কৌটায় বোমা থাকার সন্দেহে কয়েক দিন ধরে বাড়িটি পুলিশ পাহারায় ছিল।
বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বুধবার রাতে ঘটনাস্থলে পৌঁছে সরেজমিন সবকিছু দেখেন বলে পুলিশ সূত্র জানিয়েছে। আজ সকালে কৌটা দুটি থেকে একে একে বোমাগুলো বের করা হয়।
বোমাগুলো পরে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে দক্ষিণ চর চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামের বাচ্চু বেপারীর খেয়াঘাটসংলগ্ন একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। উদ্ধার ও বিস্ফোরণস্থলে বিপুলসংখ্যক উৎসুক মানুষের সমাগম হয়।
আবু তাহের সিকদারের বাড়িতে প্রায় দুই মাস ধরে ভাড়া থাকতেন সাইফুল ইসলাম সুজন। গত ৩ নভেম্বর খাসেরহাট বাজার এলাকায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের অভিযোগে গণপিটুনির পর তাঁকে পুলিশের কাছে তুলে দেন স্থানীয় লোকজন।
পুলিশ গত সোমবার ওই ঘর থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে বলে জানান ওসি নিজাম উদ্দিন ভূঁঞা। সাইফুল ইসলাম সুজন বর্তমানে কারাগারে আটক রয়েছেন বলেও জানান তিনি।