হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে আলাদা স্থানে অগ্নিকাণ্ডে পুড়ল ১০টি দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি

কমলনগর উপজেলার দুটি বাজারে পৃথক অগ্নিকাণ্ডে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দুটি বাজারে পৃথক অগ্নিকাণ্ডে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। উপজেলার তোরাবগঞ্জ বাজারে শর্টসার্কিট থেকে এবং মতিরহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে তোরাবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলনগর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর মধ্যেই আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে কাপড়, কসমেটিক, হার্ডওয়ার ও জুয়েলারি দোকান। এ ছাড়া একই সময়ে মতিরহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।

কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তোরাবগঞ্জ বাজারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও কার দোকান থেকে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে মতিরহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।