লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর ও মালামাল লুটের অভিযোগে কৃষক দল নেতা রিয়াদ হোসেন বয়াতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে পৌর শহরের দেনায়েতপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি রায়পুর পৌর কৃষক দলের সভাপতি পদপ্রত্যাশী।
এর আগে গত শুক্রবার দুপুরে পৌর শহরের মীরগঞ্জ সড়কের ফারুক আহম্মেদের ভবনের নিচতলায় প্রবাসী গোলাম কিবরিয়া সবুজ (৩৫) ও তাঁর স্ত্রীকে জিম্মি করে মারধর করা হয়। পরদিন সবুজ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতপরিচয় ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই ঘটনায় রিয়াদকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ভবনে প্রবাসী গোলাম কিবরিয়া সবুজের স্ত্রী মিলি আক্তারের বান্ধবী সাথী আক্তার ভাড়া থাকেন। ঘটনার দিন সাথীর মেয়ের জন্মদিন ছিল।
এতে সাথী তাঁর বান্ধবী মিলি ও তাঁর স্বামীকে দাওয়াত দেন। দাওয়াত পেয়ে ওই বাসায় যান তাঁরা। এর মধ্যে হঠাৎ অভিযুক্তরা বাসায় ঢুকে মিলির সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে স্বামী-স্ত্রী দুজনকে মারধর করা হয়। ওই সময় অভিযুক্তরা নগদ টাকা, স্বর্ণালংকার ও বিদেশের আইডিসহ ব্যাগ নিয়ে যায়। বাদী ও তাঁর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে এক কক্ষে নিয়ে ভিডিও ধারণ করা হয়। এ সময় বাদী তাঁদের বিয়ের ছবি দেখালে হুমকি-ধমকি দিয়ে চলে যান তাঁরা।
রায়পুর উপজেলা কৃষক দলের সভাপতি কাউসার আলম মোল্লা বলেন, রিয়াদ হোসেন বয়াতি কোনো পদ-পদবিতে নেই। তবে তিনি পৌর কৃষক দলের সভাপতি পদপ্রত্যাশী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, ‘মামলার তদন্তে রিয়াদ হোসেনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় ইউছুফ নামে একজন আগেই গ্রেপ্তার হয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’